মনপুরা দ্বীপ
মনপুরা দ্বীপ ভোলা জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মেঘনা নদীর কোলে অবস্থিত একটি প্রাকৃতি সৌন্দর্যের লীলাভূমি। এর তিন দিকে মেঘনা আর দক্ষিণে বঙ্গোপসাগর। এই দ্বীপের প্রধান আকর্ষণ হলো মাইলের পর মাইল বিস্তৃত ম্যানগ্রোভ বাগান, যেখানে মাঝেমধ্যেই হরিণের পাল দেখা যায়। এছাড়া মনপুরা ল্যান্ডিং স্টেশনটি নদীর ৫০০ মিটার গভীরে তৈরি করা, যা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানকার স্থানীয় বিশেষত্ব হলো মহিষের দুধের দই এবং টাটকা ইলিশ মাছ।
ভ্রমণের উপযুক্ত সময়
শীতকাল (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) মনপুরা ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে আবহাওয়া শান্ত থাকে, ক্যাম্পিং করা যায় এবং প্রচুর অতিথি পাখির দেখা মেলে। বর্ষাকালে নদী উত্তাল থাকায় ভ্রমণ কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে।
গন্তব্যে পৌঁছানোর উপায়
ঢাকা সদরঘাট থেকে প্রতিদিন বিকেলে হাতিয়াগামী লাক্সারি লঞ্চে উঠে মনপুরা নামা যায়। লঞ্চে পৌঁছাতে প্রায় ১২-১৪ ঘণ্টা সময় লাগে। এছাড়া ভোলা বা তজুমুদ্দিন ঘাট থেকে সি-ট্রাক বা ট্রলারে করেও মনপুরা পৌঁছানো সম্ভব।
কী করবেন / কী দেখবেন
মনপুরা ল্যান্ডিং স্টেশনে সময় কাটানো, বাইসাইকেল ভাড়া করে পুরো দ্বীপ ঘুরে দেখা, চৌধুরী প্রজেক্টের মাছের ঘের দেখা, হরিণ পর্যবেক্ষণ এবং শীতকালে ক্যাম্পিং ও বারবিকিউ করা।
